মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : পাথারকান্দির অসম-ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলি এলাকার দক্ষিণ বাঘন ঈদগাহে দীর্ঘ দশ বছরের খেদমতের পর ইমাম মওলানা আব্দুল মন্নানকে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা জানানো হয়। শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় ঈদগাহ কমিটির উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
শুক্রবার জুমার নামাজের পর দক্ষিণ বাঘন ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ঈদগাহ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক সামসুল হক। অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী ইমামকে শাল, রুমাল, মানপত্রসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে সম্মাননা জানানো হয়। মুসল্লি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আলেম-উলামাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আবেগঘন হয়ে ওঠে।
বক্তারা মওলানা আব্দুল মন্নানের দীর্ঘ কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি শুধু একজন ইমাম নন, বরং সমাজের একজন পথপ্রদর্শক, ধর্মীয় শিক্ষার আলোকবর্তিকা এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘদিন ধরে তিনি মানুষকে দ্বীনের পথে পরিচালিত করার পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আফজালুল উলুম বালিছড়াপার মাদ্রাসার নাইবে মুহতামিম মওলানা সাহাব উদ্দিন তাঁর বক্তব্যে আলেম-উলামাদের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আলেমদের সম্মান করলে আল্লাহ তাআলা ইহকাল ও পরকালে মর্যাদা বৃদ্ধি করেন।
ঈদগাহ কমিটির সম্পাদক শিক্ষক জৈন উদ্দিন আহমদ বলেন, সমাজে শিক্ষক-শিক্ষিকাদের মতো ইমামদের বিদায় সংবর্ধনা খুব কমই দেখা যায়, অথচ তাদের অবদান অপরিসীম। তাই ইমামদের যথাযথ সম্মান দেওয়া সকলের নৈতিক দায়িত্ব।
বিদায়ী ইমাম মওলানা আব্দুল মন্নান তাঁর বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালনের সময় যদি কোনও ভুল হয়ে থাকে, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সকলের কাছে অনুরোধ জানান। তাঁর এই বিনয়ী বক্তব্যে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
উল্লেখ্য, প্রায় দশ বছর ধরে দক্ষিণ বাঘন ঈদগাহে ইমামতির দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন এবং কাঁঠালতলি ও ত্রিপুরার বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কাঁঠালতলি আঞ্চলিক নদওয়ার কাজিয়ে শরিয়ত হিসেবেও দায়িত্বে রয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ঈদগাহ কমিটির প্রাক্তন সম্পাদক আব্দুস সালাম, উপ-সভাপতি আব্দুল মতিন, সহ-সম্পাদক রফিক আহমদ, মওলানা রিয়াজ উদ্দিন আল-জলিলি, সমাজকর্মী গৌস উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



