শিক্ষাবর্ষ শুরু হতেই শিক্ষকদের উপস্থিতি নিয়ে কড়া রাজ্যের শিক্ষা দফতর, জারি কঠোর নির্দেশিকা

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর থেকেই শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিল রাজ্যের শিক্ষা দফতর। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলার শিক্ষকদের উদ্দেশ্যে জারি করা হয়েছে কঠোর নির্দেশিকা।

নির্দেশ অনুযায়ী, সকাল ৯টা ১০ মিনিটের পর ‘শিক্ষা সেতু’ অ্যাপে আর উপস্থিতি গ্রহণ করা হবে না। অর্থাৎ, কোনও শিক্ষক যদি সকাল ৯টা ১০ মিনিটের পর বিদ্যালয়ে পৌঁছান, তবে তাঁকে ‘অনুপস্থিত’ হিসেবেই গণ্য করা হবে।

ধুবড়ি জেলা শিক্ষা দফতর এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। জেলার প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এমই (মিডল ইংলিশ), হাইস্কুল, হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি—সব ধরনের বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই নির্দেশ প্রযোজ্য।

রাজ্য শিক্ষা দফতরের নির্দেশ অনুসারে, সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শকরা পৃথকভাবে স্কুলগুলিতে এই বিষয়ে নোটিশ জারি করবেন বলে জানা গেছে। এই পদক্ষেপের মাধ্যমে বিদ্যালয়ে সময়ানুবর্তিতা বাড়ানো এবং শিক্ষাব্যবস্থাকে আরও শৃঙ্খলাপূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *