বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : শিলচরে কাঁঠাল রোডের বেহাল পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার মহর্ষি বিদ্যামন্দির গার্ডিয়ান ফোরাম পূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও জেলা আয়ুক্তের কাছে পৃথকভাবে স্মারকলিপি পেশ করে। ফোরামের কর্মকর্তাদের অভিযোগ, শিলচর-হাইলাকান্দি সড়কের সংযোগস্থল কাঁঠালপয়েন্ট থেকে ভকতপুর পয়েন্ট পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সর্বত্র বড় বড় গর্ত, জলাবদ্ধতা ও ভাঙাচোরা অংশ থাকায় প্রতিদিন এই পথে যাতায়াত বিপজ্জনক হয়ে উঠছে। মহর্ষি বিদ্যামন্দিরসহ একাধিক সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা এই রাস্তা ব্যবহার করায় যানজট বেড়ে চলেছে এবং দুর্ঘটনার আশঙ্কাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এও জানান, এ বিষয়ে গত ২২ এপ্রিল নির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগের সঙ্গে বৈঠকে জানানো হয়, রাস্তা সংস্কারের জন্য প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি SOPD (G) ২০২৫-২৬ প্রকল্পের আওতায় টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে।
তবে পরিস্থিতির অবনতি রুখতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সংগঠনের হুঁশিয়ারি, অবিলম্বে কার্যাদেশ জারি করে সংস্কার কাজ শুরু না হলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটতে পারে।



