বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : অরুণাচলের কুরুঙ কুমে জেল থেকে চাঞ্চল্যকরভাবে পালিয়ে গেল যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি বিরজু ভূমিজ। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় এবং কারা নিরাপত্তা নিয়েও উঠতে শুরু করে একাধিক প্রশ্ন।
সূত্রে জানা গেছে, বন্দি বিরজু ভূমিজ হঠাৎ অসুস্থতার ভান করে এবং জ্বর এসেছে বলে ডিউটিতে থাকা জেলরক্ষীদের কাছে অভিযোগ জানায়। পরিস্থিতির সুযোগ নিয়ে সে এক প্রহরীকে গরমপানি আনতে পাঠায়। প্রহরী সরে যেতেই মুহূর্তের মধ্যে পরিকল্পনা কার্যকর করে অভিযুক্ত। জেলের নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেওয়াল টপকে পালিয়ে যায় সে। ঘটনার পরপরই জেল কর্তৃপক্ষের মধ্যে হইচই পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান। আশপাশের এলাকাগুলিতে নজরদারি জোরদার করা হয় এবং পুলিশ বিভিন্ন দিক দিয়ে অনুসন্ধান চালায়।
অবশেষে স্থানীয় বাসিন্দাদের তৎপরতা ও সহযোগিতায় পালিয়ে যাওয়া ওই দুর্ধর্ষ অপরাধীর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পালানোর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।
এই ঘটনায় কারা নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কীভাবে একজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি এত সহজে পালাতে পারল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি, ডিউটিতে থাকা জেলরক্ষীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।



