বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : নগাঁও জেলার রাঙলু এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে ৩৬ নম্বর জাতীয় সড়কের রাঙলু এগারো মাইল এলাকায় দ্রুতগতির ১০৮ পরিষেবার একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় মজিবুর রহমান নামে এক সাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পরই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। প্রতিবাদীদের অভিযোগ, রোগীবিহীন অবস্থায় অ্যাম্বুলেন্সটি বেপরোয়া গতিতে চলছিল এবং তার ফলেই এই দুর্ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীদের সঙ্গে কিছুটা ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে পুলিশ এবং স্থানীয় সচেতন নাগরিকদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, দুর্ঘটনায় জড়িত ১০৮ পরিষেবার অ্যাম্বুলেন্সটি রাঙলু পুলিশ বাজেয়াপ্ত করেছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



