বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ওঠা ঘৃণাভাষণ সংক্রান্ত একাধিক জনস্বার্থ মামলার (পিআইএল) জবাব দাখিল করতে অসম সরকারকে নির্দেশ দিয়েছে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়। বুধবার উচ্চ ন্যায়ালয়ের এক ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয় এবং জানায়, মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতি আশুতোষ কুমার এবং বিচারপতি অরুণ দেব চৌধুরীর বেঞ্চ সরকারকে নির্ধারিত সময়ের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আবেদনকারীদের আইনজীবীদের কাছেও সেই হলফনামার অনুলিপি দেওয়ার কথা স্পষ্ট করা হয়েছে।
রাজ্য সরকার উচ্চ ন্যায়ালয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে বলে আশ্বাস দিয়েছে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রথমবার এই পিআইএলগুলি শুনানির জন্য উঠলে আদালত বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। সে সময় বেঞ্চ বিষয়টিতে বিভাজনমূলক প্রবণতার ইঙ্গিত পেয়ে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং পুলিশ মহাপরিচালককে নোটিশ জারি করেছিল।
এর আগে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়-ও বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আবেদনকারীদের গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে যাওয়ার নির্দেশ দেয় এবং দ্রুত শুনানির আর্জি জানায়। এই পিআইএলগুলি দাখিল করেছেন বিশিষ্ট বুদ্ধিজীবী হীরেন গোহাঁই, প্রাক্তন পুলিশ মহাপরিচালক হরকৃষ্ণ ডেকা, জ্যেষ্ঠ সাংবাদিক পরেশ মালাকার-সহ ভারতীয় কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)।
আবেদনকারীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বক্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ায়। তাদের দাবি, সাংবিধানিক পদে থেকে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণাভাষণ দিয়েছেন এবং একটি বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে প্রশাসনিক ব্যবস্থার অপব্যবহারের চেষ্টা করেছেন। এই অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের দাবিও জানিয়েছেন আবেদনকারীরা।



