অকাল প্রয়াণ ব্যবসায়ী আখবাবুর হোসেনের

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : অকালেই নিভে গেল এক তরুণ প্রাণ। শম্ভূনগর গ্রামের যুবক ব্যবসায়ী আখবাবুর হোসেন (আকভাই)-এর মৃত্যুতে গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে কিডনি-জনিত জটিল রোগে ভুগছিলেন তিনি। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল প্রায় ১০টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।

তিনি ঝেরঝেরি জিপির প্রাক্তন সভাপতি ও সমাজসেবী হাজী আব্দুল জলিলের তৃতীয় পুত্র। পরিবার সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে শিলচরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ও পরিবারের নিরন্তর প্রার্থনা সত্ত্বেও তাঁর অবস্থার উন্নতি হয়নি।

তিনি রেখে গেছেন স্ত্রী, এক কন্যা সন্তান, মা-বাবা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন শোকাহত হয়ে পড়েছেন। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, নম্র ও মানবিক স্বভাবের একজন মানুষ। সমাজের বিভিন্ন কাজে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তিনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিন সন্ধ্যা প্রায় ৭টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *