বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : লালা থানার অন্তর্গত কালাছড়া মুচিবাড়ি এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাতে শিলচরগামী একটি ব্যালেনো গাড়ি দ্রুত গতিতে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে গাড়িতে থাকা চারজন যাত্রী মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে আহতদের লালা উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কথা প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। এলাকাবাসী দ্রুত রাস্তার সংস্কারের দাবি জানিয়েছেন।



