২১ এপ্রিল : ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময়সীমা শেষের দিকে, আর এর মধ্যেই কঠোর অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিচুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম, এবং সেক্ষেত্রে বুধবার সন্ধ্যা থেকেই ইরানে সামরিক অভিযান আবার শুরু হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “চুক্তি না হলে অভিযান শুরু হবে—এটা প্রায় নিশ্চিত।” তার এই মন্তব্যকে কূটনৈতিক চাপ বাড়ানোর অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
৮ এপ্রিল শুরু হওয়া ১৪ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ২২ এপ্রিল। এই সময়ের মধ্যে একটি স্থায়ী সমঝোতার লক্ষ্যে ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে টানা ২১ ঘণ্টা বৈঠক হলেও কোনও চুক্তি হয়নি, ফলে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।
তবে ট্রাম্প একইসঙ্গে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি “ভালো ও কার্যকর” চুক্তি করতে আগ্রহী। তিনি বলেন, “খারাপ কোনো চুক্তির জন্য আমরা তাড়াহুড়ো করব না, প্রয়োজন হলে আরও সময় নেওয়া হবে।”



