বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : গুয়াহাটি মহানগরীতে কৃত্রিম বন্যা পরিস্থিতি নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। রবিবার গভীর রাতে হঠাৎ নেমে আসা প্রবল বর্ষণে মুহূর্তের মধ্যে জলমগ্ন হয়ে পড়ে শহরের বিস্তীর্ণ এলাকা। ফলে স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং নাগরিকদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
এই কৃত্রিম বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়মিতভাবে উত্থাপিত সমস্যার পাশাপাশি এবার ইভিএমের নিরাপত্তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। কিছু সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ আরও বাড়তে দেখা যায়।
তবে এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে কামরূপ (মহানগর) জেলার নির্বাচন দফতর। নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, ইভিএম সম্পূর্ণ নিরাপদ অবস্থায় রয়েছে এবং উদ্বেগের কোনও কারণ নেই। শহরের মণিরাম দেওয়ান ট্রেড সেন্টারে অবস্থিত স্ট্রংরুমে পাঁচটি বিধানসভা কেন্দ্র—৩৩ নং দিসপুর, ৩৪ নং ডিমরিয়া (সংরক্ষিত), ৩৫ নং নিউ গুৱাহাটী, ৩৬ নং মধ্য গুয়াহাটি এবং ৩৭ নং জলুকবাড়ি—এর ইভিএম ও ভিভিপ্যাট মেশিন সংরক্ষিত আছে। বন্যা পরিস্থিতির পরও প্রতিটি মেশিন অক্ষত রয়েছে বলে জানানো হয়েছে।
প্রবল বর্ষণের কারণে ট্রেড সেন্টারের চত্বরের কিছু অংশে জল জমলেও মূল ভবনে পানি প্রবেশ করেনি বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। জেলা নির্বাচন আধিকারিক জানান, জমে থাকা জল দ্রুত অপসারণের জন্য পাম্পিং ব্যবস্থার ব্যবস্থা করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।
উল্লেখ্য, জেলা নির্বাচন দপ্তর সোমবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ ঘণ্টা কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে এবং সমস্ত নির্ধারিত প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। নির্বাচন আধিকারিক আরও বলেন, প্রতিটি ইভিএম, ভিভিপ্যাট মেশিন এবং নির্বাচন সংক্রান্ত নথিপত্রের সুরক্ষা ও অক্ষত অবস্থায় সংরক্ষণ নিশ্চিত করতে তারা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।



