মণিপুরে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, উদ্বেগ এআইডিএসও-র

Spread the news

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর কেন্দ্রীয় কাউন্সিল বর্তমানে মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত ৭ এপ্রিল বিষ্ণুপুর জেলায় ট্রংগ্লাওবি গ্রামে একটি হামলায় দুই নিরীহ শিশুর মর্মান্তিক মৃত্যু এবং তাদের মায়ের গুরুতর আহত হওয়ার ঘটনা মণিপুর সহ দেশের নাগরিকের বিবেককে নাড়া দিয়েছে।

এআইডিএসও-র কেন্দ্রীয় কাউন্সিলের সাধারণ সম্পাদক শিবাসিস প্রহারাজ এক প্রেস বার্তায় বলেন, মণিপুরের সহিংসতার এই পুনরাবৃত্তি সংঘাতের মূল কারণ মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতার ফলেই ঘটেছে। তিনি নাগরিকদের উপর বলপ্রয়োগের ঘটনা অবিলম্বে বন্ধের দাবি জানান। তিনি বলেন, সরকারকে এই মানবিক সংকটকে শুধুমাত্র ‘আইনশৃঙ্খলা’র দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না। তাতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার চেয়ে তা আরও জটিল রূপ নেবে।

তিনি বলেন, প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার এবং শোকাহত জনগণের যন্ত্রণাকে লাঠি, কাঁদানে গ্যাস এবং গুলি চালিয়ে মোকাবিলা করা যায় না। একাধিক জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে এবং কঠোর আইন জারি করা এর সমাধান নয়; এগুলো কেবল জনগণকে বিচ্ছিন্ন করে এবং তাদের নিরাপত্তাহীনতার অনুভূতিকে বাড়িয়ে তোলে।

শান্তি পুনরুদ্ধারের জন্য সরকারকে বিক্ষোভকারীদের সঙ্গে অবিলম্বে একটি স্বচ্ছ ও সহানুভূতিশীল সংলাপ শুরু করতে হবে। শিশুদের মৃত্যু এবং পরবর্তীকালে নাগরিকদের হতাহতের ঘটনায় একটি উচ্চ-পর্যায়ের তদন্ত করতে হবে। বছরের পর বছর ধরে চলা অস্থিরতায় ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ফলে তাদের ভবিষ্যত বিবেচনা করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে হবে।

এআইডিএসও মণিপুরের জনগণের পাশে রয়েছে। সংগঠনের পক্ষ থেকে মণিপুরের গণতন্ত্রপ্রিয় জনগণকে এই অঞ্চলের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের চেতনাকে অটুট রেখে, সরকারের অবহেলা, বঞ্চনা এবং নিরীহ শিশুদের মৃত্যুর বিরুদ্ধে বর্তমানে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানায়। পাশাপাশি দেশের ছাত্র সমাজের কাছেও এই মানবিক সংকটের একটি স্থায়ী সমাধানের জন্য জোরালো আওয়াজ তোলার আহ্বান জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *