মণিপুরের জাতীয় সড়কে সন্দেহভাজন জঙ্গি হামলা, নিহত ২ নাগরিক

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : মণিপুরে ২০২ নম্বর জাতীয় সড়কে সন্দেহভাজন জঙ্গি হামলায় তাংখুল নাগা সম্প্রদায়ের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা উখরুল জেলার তাশার গ্রামের বাসিন্দা এসডব্লিউ চিনাওশাং এবং একই জেলার ইয়ারুইঙ্গাম ভাশুম বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজন প্রাক্তন সেনাকর্মী ছিলেন।

রাজ্য পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার দুপুর প্রায় ২টা ৩৫ মিনিটে ইমফল-উখরুল ২০২ নম্বর জাতীয় সড়কের টিএম কাসোম গ্রামের কাছে এই হামলার ঘটনা ঘটে। চারচাকার দুটি আলাদা গাড়িতে করে তারা ইমফল থেকে উখরুলে ফিরছিলেন। সেই সময় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা তাদের গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। এই হামলায় আরও তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, কুকি জঙ্গিরাই এই হামলার সঙ্গে জড়িত। ঘটনার পরপরই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও রাজ্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।

উল্লেখযোগ্যভাবে, এই হামলার একদিন আগেই শুক্রবার গভীর রাতে উখরুল জেলার সিনাকেইথেই গ্রামে ‘পুম্পি’ নামে একটি অবিস্ফোরিত শেল উদ্ধার করা হয়। জানা গেছে, রাত প্রায় ১০টা ৩০ মিনিটে সেটি একটি আবাসিক এলাকার কাছে পড়েছিল। শেলটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবারই মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং প্রথমবার সড়কপথে উখরুল সদর দফতর সফর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *