১৮ এপ্রিল : তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলা-র ভালপাড়াই পাহাড়ি এলাকায় শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে কেরল থেকে আসা একটি পর্যটকবাহী ভ্যান গভীর খাদে পড়ে গেলে এই বিপর্যয় ঘটে। ঘটনায় চালক-সহ আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি।
জানা গেছে, মালাপ্পুরম জেলা থেকে ১৩ জন পর্যটককে নিয়ে ভ্যানটি ভালপাড়াই-পোল্লাচি পাহাড়ি রাস্তা দিয়ে নামছিল। পথে ১৩ নম্বর হেয়ারপিন বেন্ডে পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারান। এরপর গাড়িটি রাস্তার ধারের ব্যারিয়ার ভেঙে গভীর খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ভালপাড়াই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ৮ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৭ জন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন। পরে পোল্লাচি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে চালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে মালাপ্পুরমের একটি স্কুলের কয়েকজন শিক্ষকও ছিলেন, যাঁরা ভালপাড়াই ভ্রমণে এসেছিলেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



