বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : কম্পিউটার ক্লাস শেষ করে আর বাড়ি ফেরা হল না এক ছাত্রের। দ্রুতগতির একটি ডাম্পারের ধাক্কায় প্রাণ হারিয়েছে রোনিত নায়ক নামে এক ছাত্র। দুর্ঘটনাটি ঘটেছে দুলিয়াজানের রজাআলি এলাকায়। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে আরও দুই ছাত্র। তিনজন ছাত্র কম্পিউটার ক্লাস শেষে বাড়ি ফিরছিল। সেসময়স দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রজাআলি চা বাগান সংলগ্ন সড়কে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি বালুভর্তি ডাম্পার। সেই সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তিন ছাত্র। আচমকাই ডাম্পারটি তাঁদের উপর উঠে পড়ে, ফলে ঘটনাস্থলেই গুরুতর জখম হয় তারা। দ্রুত স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রোনিত নায়ককে মৃত বলে ঘোষণা করেন।
নিহত রোনিত নায়ক রজাআলি চা বাগানের ১২ নম্বর শ্রমিক লাইনের বাসিন্দা বলে জানা গেছে। তার অকাল মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
অন্যদিকে আহত দুই ছাত্র বরুণ ওরাং ও অভিজিৎ চয়র গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দ্রুতগতির ভারী যান চলাচলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি তোলেন। অনেকেই অভিযোগ করেন, ওই সড়কে দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে ডাম্পার চলাচল করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ডাম্পারটির চালক পলাতক বলে জানা গেছে। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।



