বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : চিরাং জেলার রুণীখাতা ফরেস্ট রেঞ্জ অফিস চত্বরে উত্তেজনা চরমে পৌঁছেছে। স্থানীয় বাসিন্দারা অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন। শতাধিক ক্ষুব্ধ আদিবাসী নারী-পুরুষের একটি বড় দল আচমকা হামলা চালিয়ে অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে চত্বরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
শুক্রবার সকাল থেকেই ভারত-ভূটান সীমান্ত সংলগ্ন এই এলাকায় পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। সংরক্ষিত বনভূমির জমি দখলের অভিযোগে আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিশেষ করে স্থানীয় মহিলারা রেঞ্জ অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন।
এই ঘটনায় অন্তত দুই মহিলা আহত হয়েছেন বলে খবর। উত্তেজিত বিক্ষোভকারীরা দলবদ্ধভাবে অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং পুলিশের উদ্দেশে ইট-পাথর ছোড়ে। ফরেস্ট রেঞ্জ অফিসের আসবাবপত্র ভেঙে চুরমার করে দেওয়া হয় এবং বহু গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করা হয়। পাশাপাশি অফিস প্রাঙ্গণে থাকা ৭টি চারচাকা গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। উত্তেজিত জনতা পরে অফিসের আসবাবপত্র টেনে এনে ১২৭ নম্বর ভারত-ভূটান সংযোগকারী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তীব্রতর করে তোলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরিস্থিতি থমথমে থাকলেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।



