
১৫ এপ্রিল : লোকসভার সদস্য সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই লক্ষ্যে সংবিধানের ১৩১তম সংশোধনী বিল আনার প্রস্তুতি নেওয়া হয়েছে সংসদের বিশেষ অধিবেশনে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে টানা তিন দিন চলবে লোকসভা ও রাজ্যসভার এই অধিবেশন।
প্রথমে জানানো হয়েছিল, নারী সংরক্ষণ বিল সংক্রান্ত সংশোধনের জন্যই এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তবে সূত্রের খবর, এর পাশাপাশি লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাবও সংসদে পেশ করতে চলেছে কেন্দ্র। মঙ্গলবার সন্ধ্যায় সংশ্লিষ্ট বিলের কপি সাংসদদের মধ্যে বিতরণ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপ সামনে আসতেই দক্ষিণ ভারতের একাধিক রাজনৈতিক দল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, লোকসভায় রাজ্যগুলি থেকে ৮১৫ জন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ৩৫ জন সাংসদ নির্বাচিত হবেন। এই পরিবর্তন আনতে সংবিধানের ৮১ নম্বর ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ওই ধারায় লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা ৫৫০ নির্ধারিত, যার মধ্যে ৫৩০ জন রাজ্য থেকে এবং ২০ জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হওয়ার বিধান রয়েছে।
সংবিধান সংশোধনের জন্য লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও এই বিল পাস করানো বাধ্যতামূলক। তবে রাজ্যসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় শাসক দলের জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বিশেষত, জোটসঙ্গী দলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অন্ধ্রপ্রদেশের দল তেলুগু দেশম পার্টির অবস্থানও এই ক্ষেত্রে নজরে থাকবে।
উল্লেখ্য, ১৯৭১ সালের পর থেকে লোকসভার সদস্য সংখ্যা আর বাড়ানো হয়নি।



