ঝড়ে বিধ্বস্ত কাছাড়, ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের দাবিতে এসইউসিআই-এর স্মারকলিপি

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : প্রলয়ঙ্করী ঝড়ে বিপর্যস্ত কাছাড় জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অবিলম্বে ত্রাণ ও পুনর্বাসনের দাবিতে সরব হলো এসইউসিআই (কমিউনিস্ট)। সোমবার দলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, জেলা কমিটির সদস্য হিল্লোল ভট্টাচার্য, বিজিতকুমার সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে তাঁরা জানান, রবিবার দুপুরে আছড়ে পড়া ভয়াবহ ঝড়ে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইন, গুমড়া, চণ্ডীপুর, রাজপুর, খেলমা এবং উদারবন্দ কেন্দ্রের মালুগ্রাম, রংপুরের বিভিন্ন খণ্ড, দুধপাতিলের একাধিক এলাকা সহ মাসিমপুর গ্রান্ট, মধুরাঘাট, মাছুঘাট, সোনাই প্রভৃতি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে বহু বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে, ফলে অসংখ্য পরিবার খোলা আকাশের নিচে আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

এই পরিস্থিতিতে এসইউসিআই (কমিউনিস্ট) দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পর্যাপ্ত সরকারি ত্রাণ পৌঁছে দেওয়া এবং গৃহহীনদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তোলা হয়। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়া এলাকাগুলিতে জরুরি ভিত্তিতে মেরামতির কাজ সম্পন্ন করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *