বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : আলফা (স্বাধীন)-এর সেনাধ্যক্ষ পরেশ বরুয়ার বাসভবনকে লক্ষ্য করে গভীর রাতে দুর্বৃত্তদের গুলিচালনার অভিযোগ উঠেছে। ডিব্রুগড় জেলার চাবুয়ার জেরাইগাঁও এলাকায় অবস্থিত তাঁর বাড়ির দিকে রাত ১২টার পর গুলি চালানো হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, দুর্বৃত্তরা রাতে দুই রাউন্ড গুলি চালায়।
উল্লেখ্য, আলফা (স্বাধীন)-এর সেনাধ্যক্ষ পরেশ বরুয়ার ঘনিষ্ঠ সহযোগী মেজর জেনারেল অরুণোদয় দহোটিয়া ওরফে বিজিত বরুয়া মূল স্রোতে ফিরে এসে নিজ বাড়িতে পৌঁছানোর মাত্র দু’দিনের মধ্যেই এই ঘটনা ঘটেছে। এদিকে, অসম পুলিশের নিয়োজিত নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বরুয়ার পরিবারের সদস্যরা।
ঘটনাকে কেন্দ্র করে পরেশ বরুয়ার ভাই বিপুল বরুয়া জানান, “রাত ১২টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। আমি ঘুমিয়ে ছিলাম, তবে বাড়ির অন্য সদস্যরা জেগে ছিলেন। তাই তারা গুলির শব্দ শুনতে পান। বাড়ির গেটের সামনে দু’বার গুলির শব্দ শোনা যায়। পরে আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করি, কিন্তু কাউকে দেখা যায়নি। এরপর আমি নিজে বাইরে গিয়ে দেখেও কোথাও গুলির চিহ্ন পাইনি। নিরাপত্তারক্ষী পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থলে আসে। তবে এখনও পর্যন্ত পুলিশ আমাদের গুলিচালনার বিষয়ে কোনও তথ্য জানায়নি। এর আগে ২০০০ ও ২০০১ সালেও এ ধরনের গুলিচালনার ঘটনা ঘটেছিল।”
গুলিচালনার ঘটনায় বাড়িতে থাকা নিরাপত্তারক্ষী জানান, “গুলি চালানো ব্যক্তিকে দেখা যায়নি। দূর থেকে গুলি চালানো হয়েছিল। গুলির শব্দ শুনে বাইরে বেরিয়েছিলাম, কিন্তু কাউকে দেখতে পাইনি। দুটি গুলি চালানো হলেও আমরা কোনও বুলেটের খোসা খুঁজে পাইনি।”



