বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : মণিপুরের ফেরজওয়াল জেলার হেঞ্চুংপুঞ্চি এলাকায় শান্তি ও নিরাপত্তা জোরদার করতে বৃহস্পতিবার এক নিরাপত্তা ও মতবিনিময় বৈঠকের আয়োজন করে আসাম রাইফেলস। বৈঠকে কোম্পানি কমান্ডারের পাশাপাশি বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO)-এর প্রতিনিধিরা, গ্রাম প্রধান ও পার্শ্ববর্তী গ্রামের সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ, অশান্তি প্রতিরোধে আগাম পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় নেতাদের উস্কানিমূলক বক্তব্য বা কার্যকলাপ এড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
গুজব ও ভুয়ো তথ্য রোধে তথ্য প্রচারের আগে যাচাই করার জন্য সিএসও-গুলিকে আহ্বান জানানো হয়। পাশাপাশি রাতের চলাচল পর্যবেক্ষণ, আন্তঃগ্রাম যাতায়াত নিয়ন্ত্রণ এবং অজ্ঞাত ব্যক্তির গতিবিধি বা সন্দেহজনক সামগ্রী মজুতের মতো যেকোনও সন্দেহজনক কার্যকলাপ দ্রুত জানাতে বলা হয়।
এছাড়াও, সম্প্রদায়ের নেতাদের সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় না দেওয়া এবং যুবসমাজের মধ্যে চরমপন্থী প্রভাব প্রতিরোধে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে।



