বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক হয়েছে। এ বছরে মোট ৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৩৯ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। ফলে বিদ্যালয়ের পাশের হার দাঁড়িয়েছে প্রায় ৯৭.৫ শতাংশ।
এই সাফল্যের অন্যতম দিক হলো মোট ৫৬টি লেটার মার্ক অর্জন। পাশাপাশি ৬ জন ছাত্রছাত্রী স্টার মার্ক এবং ৫ জন ডিস্টিংশন লাভ করেছে, যা বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মানকে আরও উজ্জ্বল করেছে।
ফলাফলের বিশ্লেষণে দেখা যায়, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩২ জন শিক্ষার্থী, দ্বিতীয় বিভাগে ৬ জন এবং তৃতীয় বিভাগে ১ জন শিক্ষার্থী। উল্লেখ্য, ১ জন পরীক্ষার্থী অসুস্থতার কারণে দুটি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
ফলাফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়। ছাত্র-ছাত্রীরা একে অপরকে অভিনন্দন জানায়, মিষ্টি বিতরণ করে এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে নিজেদের সাফল্য উদযাপন করে।
শিক্ষার্থীরা তাদের এই সাফল্যের পেছনে অবদান রাখার জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রধান শিক্ষক এবং পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকমণ্ডলী এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানান, পূর্বেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধা তালিকায় স্থান অর্জন করেছে। ভবিষ্যতেও আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেছেন তারা।



