১০০০ কোটির ‘ডিল’ ফাঁস হতেই ভেঙে গেল জোট! হুমায়ুনের সঙ্গ ছেড়ে বাংলায় একলা চলার পথে ওয়েইসির মিম

Spread the news

১০ এপ্রিল : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা খেল বিজেপি-বিরোধী সংখ্যালঘু জোট। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবীরকে ঘিরে একটি বিতর্কিত ভিডিও প্রকাশের পরই তাঁর থেকে দূরত্ব বজায় রাখলেন আসাদউদ্দিন ওয়েইসি। শুক্রবার ভোরে সমাজমাধ্যমে মিম স্পষ্ট জানিয়ে দেয়, হুমায়ুন কবীরের দলের সঙ্গে তাদের আর কোনও জোট নেই।
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস ১৯ মিনিটের একটি ভিডিও প্রকাশ করে দাবি করে, গত বছরের ১৯ ডিসেম্বর হুমায়ুন কবীর বিজেপির সঙ্গে একটি ‘গোপন সমঝোতা’ নিয়ে বৈঠক করেছিলেন। ভিডিওতে তাঁকে এক হাজার কোটি টাকা দাবি করতে শোনা যায়, যার মধ্যে ২০০ কোটি টাকা দ্রুত দেওয়ার কথাও বলা হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এই আর্থিক লেনদেনের আলোচনা হচ্ছিল।

শুক্রবার ভোরে করা পোস্টে মিম জানায়, “মুসলিমদের আত্মসম্মান নিয়ে প্রশ্ন তোলে, এমন কোনও মন্তব্য বা ঘটনার সঙ্গে নিজেদের যুক্ত করতে চায় না মিম। আজ থেকেই হুমায়ুন কবীরের দলের সঙ্গে আমাদের জোট শেষ।” পরে আসাদউদ্দিন ওয়েইসি নিজেই সেই পোস্ট শেয়ার করে জোট ভাঙার বিষয়টি নিশ্চিত করেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলার মুসলিম সমাজ দীর্ঘদিন ধরেই বঞ্চনা ও অবহেলার শিকার। তথাকথিত ধর্মনিরপেক্ষ শাসনেও তাদের উন্নয়নের জন্য উল্লেখযোগ্য কিছু করা হয়নি। তাই প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে এবারের নির্বাচনে তারা একাই লড়াই করবে এবং কোনও দলের সঙ্গে জোটে যাবে না।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে তৃণমূল ‘গোপন চুক্তি’ ফাঁস করে বিরোধীদের চাপে ফেলতে চাইছে, অন্যদিকে মিমের একলা লড়াইয়ের সিদ্ধান্ত সংখ্যালঘু ভোটব্যাঙ্কে কার উপর বেশি প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে জোর বিশ্লেষণ। যদিও এই অভিযোগ নিয়ে এখনও হুমায়ুন কবীরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *