বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : নলবাড়ি জেলার টিহু শহরের পশ্চিম নান্নাট্টারি এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম রাজার্শি মজুমদার।
জানা গেছে, রাজার্শি স্থানীয় বাসিন্দা ধনজিৎ মজুমদারের একমাত্র সন্তান এবং টিহু আদর্শ লোয়ার প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। রাজ্যে চলমান নির্বাচনের কারণে স্কুল বন্ধ থাকায় ঘটনাস্থলের সময় সে বাড়িতেই ছিল।
বুধবার বাড়ির ভিতরে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত একটি খোলা বিদ্যুতের তারে হাত লেগে যায় তার। ঘটনাটি ঘটার সময় বাড়িতে উপস্থিত ছিলেন তার ঠাকুমা। তিনি সাহসিকতার সঙ্গে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং গুরুতর আহত অবস্থায় শিশুটিকে তিহু হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। টিহু নিউ চৌকে একটি ছোট চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করা পরিবারটি একমাত্র সন্তানকে হারিয়ে গভীর শোকস্তব্ধ হয়ে পড়েছে।



