বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার ভোট গ্রহণের জন্য জেলার ১১৮৮টি ভোটকেন্দ্রে বুধবার ভোট সামগ্রী নিয়ে ভোটকর্মীর দল গন্তব্যস্থলে গিয়ে পৌঁছেছেন। বৃহস্পতিবার জেলার ৪৭ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণের জন্য ৯ লক্ষ ৪২ হাজার ১১১ জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণের জন্য জেলা প্রশাসনের প্রস্তুতি সম্পূর্ণ। শান্তিপূর্ণ সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণের উদ্দেশ্যে সমগ্র জেলা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য সমগ্র জেলাকে ১৮টি জোনে এবং ৯৩টি সেক্টরে বিভক্ত করে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ভোট উপলক্ষে সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ড্রাইডে ঘোষণা করা হয়েছে। ফলে জেলার লাইসেন্স প্রাপ্ত সব মদের দোকান বন্ধ থাকবে। মদ বিতরণ এবং পরিবেশন করা যাবে না। নির্ভয়ে ভোট দিতে জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।
সচিত্র ভোটার পরিচয় পত্র (ইপিক) দিয়ে ভোট দেওয়া যাবে। ইপিক না থাকলে যে কোন বিকল্প একটি নথি দিয়ে ভোট দেওয়া যাবে তার মধ্যে রয়েছে আধার কার্ড, এমএনরেগা জব কার্ড, ব্যাংক বা ডাকঘর কর্তৃক ইস্যু করা ছবিসহ পাসবুক,শ্রম মন্ত্রণালয় অথবা আয়ুষ্মান ভারত এর স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এনপিআর এর অধীন আরজিআই এর স্মার্ট কার্ড, ভারতীয় পাসপোর্ট, ছবিসহ পেনশন নথি, কেন্দ্র, রাজ্য সরকার, পিএসইউ,পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক কর্মচারীদের জন্য জারি করা ছবিসহ পরিষেবা পরিচয়পত্র, এর সাংসদ বিধায়ক এমএলসি দের দ্বারা জারি করা সরকারি পরিচয় পত্র এবং ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় কর্তৃ ক জারি করা অন্যান্য প্রতিবন্ধী পরিচয় পত্র অর্থাৎ ইউডিআইডি।
বৃহস্পতিবার ১২৩ নম্বরের উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২ লক্ষ ৬০ হাজার ২৪১ জন ভোটার। ১২৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২ লক্ষ ৮৫ হাজার ৮৪৬ জন ভোটার। অনুরূপভাবে ১২৫নম্বর পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের ৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২ লক্ষ ৭৮ হাজার ৪৮৪ জন ভোটার।। এছাড়া ১২৬ নম্বর রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে ময়দানে রয়েছেন ৯জন প্রার্থী। এই আসনে মোট ভোটার ২ লক্ষ ১৭ হাজার ৫০০ জন। জেলায় ভোটার হেল্পলাইন নম্বর ০৩৮৪৩ ১৯৫০।
এছাড়া কন্ট্রোল রুম নম্বর ০৩৮৪৩ ২৬২ ১৭১। জেলায় মোট চারটি মডেল পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রে বিদ্যুৎ পরিষেবা, পানীয়জল ইত্যাদি সুনিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশের কুইক রেসপন্স টিমও প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, ভোট গ্রহনের জন্য জেলায় ৫২২৪ জন ভোট কর্মী নিয়োগ করা হয়েছে।



