বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : সোনাই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে পূর্ণ সমর্থন জানালো সোনাবাড়িঘাটের অগ্রণী বেসরকারি সংস্থা নিউ ইয়ং স্টার ক্লাব। মঙ্গলবার ক্লাবের কার্যালয়ে ক্লাবের কর্মকর্তারা সাংবাদিক বৈঠক ডেকে আমিনুল হককে সমর্থনের কথা জানান। ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন, সব সদস্যের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রচারের শুরু থেকে ক্লাবের সদস্যরা আমিনুল হকের হয়ে কাজ করছেন। তিনি বলেন, রাজ্যের বর্তমান পরিস্থিতির জন্য কংগ্রেস প্রার্থীদের জয়ী করা আবশ্যক। পাশাপাশি তিনি সোনাই কেন্দ্রের দুর্নীতির কথা উল্লেখ করে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াকে বিঁধলেন।
নাজিম উদ্দিন বলেন, সোনাবাড়িঘাট জিপিতে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছেন। এ ছাড়া বিধায়কের দেওয়া প্রতিশ্রুতি ভুয়ো পরিণত হয়েছে। বলেন, সোনাবাড়িঘাট বাজারে হাই মাস্ট লাইট ও সিসি ক্যামেরা বসানোর কথা বলে টাকা আত্মসাৎ করেছেন। শুধু তা নয়, মৌলাশা মোকামে আর্থিক সহায়তা করবেন বলে আশ্বস্ত করলেও পরবর্তীতে কোন সহায়তা করেনি। ময়ীনুল হক চৌধুরী কবরস্থানকে সাজিয়ে তুলবেন বললেও তা হয়নি। এভাবে বহু ভুয়ো প্রতিশ্রুতি দেন বিধায়ক। বিধায়ক প্রতারণার নজির সৃষ্টি করেছেন বলে অভিযোগ তুলেন। দুর্নীতিবাজ বিধায়ককে পরাস্ত করতে ক্লাবের সব সদস্য আমিনুল হক লস্করকে সমর্থন জানিয়েছেন। এ দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি নাজির উদ্দিন লস্কর, কোষাধ্যক্ষ আনসার মিয়া, ইকবাল হোসেন, মায়াজুল হক, সিরাজ উদ্দিন প্রমুখ।



