দিল্লির বাড়িতে অসম পুলিশের দল, পালালেন কংগ্রেস নেতা খেরা

Spread the news

বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : মুখ্যমন্ত্রীর পত্নী রিণিকি ভূঞা শর্মার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিপাকে পড়েছেন পবন খেরা। পবন খেরার দিল্লির বাড়িতে পৌঁছায় অসম পুলিশের একটি দল। ডিসিপি দেবজিৎ নাথের নেতৃত্বে নিজামুদ্দিনের D12 নম্বর বাসভবনে হাজির হয় অসম পুলিশ। দিল্লি পুলিশের সঙ্গেও সেখানে উপস্থিত ছিল অসম পুলিশের দল।

তবে দিল্লির বাড়িতে পবন খেরাকে খুঁজে পায়নি পুলিশ। গ্রেপ্তারের আশঙ্কায় তিনি দিল্লি ছেড়ে হায়দরাবাদে পালিয়েছেন বলে জানা গেছে। তদন্তকারী অসম পুলিশ জানিয়েছে, শীঘ্রই খেরার সন্ধান পাওয়া যাবে।

উল্লেখ্য, রবিবার কংগ্রেস নেতা পবন খেরা মুখ্যমন্ত্রীর পত্নী রিণিকি ভূঞা শর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর পত্নীর একাধিক দেশের পাসপোর্ট রয়েছে—যা পরে ভুয়া তথ্য বলে জানা যায়।

নির্বাচনের আগে এক সংবাদ সম্মেলনে পবন খেরা অভিযোগ করেন, রিণিকি ভূঞা শর্মার আমেরিকায় ৫২ হাজার কোটি টাকার কোম্পানি রয়েছে এবং তার সংযুক্ত আরব আমিরাত, মিশর ও অ্যান্টিগুয়ার নাগরিকত্বও আছে। ওই সম্মেলনে তিনি কিছু নথিও প্রদর্শন করেন।

এরপর রবিবার রাত প্রায় ১২টা ৩০ মিনিটে রিণিকি ভূঞা শর্মা পবন খেরার বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে অসম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *