বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : কংগ্রেস ত্যাগের চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই বিজেপিতে যোগদান করলেন সূর্যকান্ত সরকার। মঙ্গলবার সকালে তিনি ইটখোলা বিজেপি কার্যালয়ে পৌঁছেন। এবং জেলা সভাপতি রূপম সাহা ও দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাদ পুরকায়স্থের উপস্থিতিতে গেরুয়া বসন পরিধান করেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সাধারণ মানুষের সেবার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, সোমবার দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রে সরকার উল্লেখ করেছেন, দলের প্রতি তাঁর আন্তরিক নিষ্ঠা ও অবিচল অঙ্গীকার থাকা সত্ত্বেও দলীয় নেতৃত্বের খামখেয়ালিপনার জন্য পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বিগত লোক্সভা নির্বাচনে তিনি পরাজিত হলেও সংগঠনকে চাঙ্গা করার ব্যাপারে নানা পরামর্শ প্রদান করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁকে কোনও গুরুত্বই দেওয়া হয়নি। এতে তিনি দারুণ মর্মাহত হয়েছেন। তাঁর মনে হয়েছে তিনি তফসিলি সম্প্রদায়ের মানুষ হওয়ায় তাঁকে অবহেলা করা হয়েছে।



