৬ এপ্রিল : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইজরায়েল। রবিবার দেশটির স্থানীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। ইজরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থার বরাত দিয়ে ‘দ্য টাইমস অব ইজরায়েল’ জানায়, হামলায় অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে সতর্ক করেছে দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। সংস্থাটির মুখপাত্র ইলান ওহানা এক বিবৃতিতে জানান, হামলার শিকার ভবনটিতে উদ্ধারকর্মীরা তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে, ক্ষেপণাস্ত্র আঘাতের পর ঘটনাস্থলে বড় ধরনের অগ্নিকাণ্ডেরও সৃষ্টি হয়। ইলান ওহানা আরও জানান, ভবনটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেখানে কেউ আটকা পড়ে আছে কি না, তা শনাক্ত করতে উদ্ধার অভিযান চলছে। তবে প্রতিকূল পরিবেশ ও উচ্চ ঝুঁকির কারণে প্রাথমিক তল্লাশি কার্যক্রম ব্যাহত হচ্ছে।



