৬ এপ্রিল : পহেলগাঁও হামলার বর্ষপূর্তির আর ১৭ দিন বাকি। গোটা দেশ যখন কড়া নিরাপত্তার চাদরে ঢাকা, ঠিক তখনই জঙ্গি দমনে বড়সড়ো সাফল্য পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং মহারাষ্ট্র এটিএস। রবিবার মুম্বই এবং থানেতে যৌথ অভিযান চালিয়ে ‘ওডিশা মডিউলের’ দুই সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। ধৃতদের নাম মোসাব আহমেদ ওরফে কালাম এবং মোহাম্মদ হামাদ কালরা।
গোপন সূত্রে খবর পেয়ে গত দু’দিন ধরে ওই দুই সন্দেহভাজনের ওপর কড়া নজরদারি চালাচ্ছিলেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের কর্তারা। রবিবার থানের খাড়াবলি থেকে মোসাব আহমেদ এবং মুম্বইয়ের কুর্লা থেকে মোহাম্মদ হামাদ কালরাকে ধরা হয়। ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ এবং বেশকিছু আপত্তিকর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।



