বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে ধলাইয়ের চান্নিঘাট ও শেওরারতল জিপির একাধিক গ্রাম। রবিবার সকালে হঠাৎ তীব্র গতিতে ধেয়ে আসা ঝড়ে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। ঝড়ের দাপটে বহু কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ভেঙে পড়ে, উড়ে যায় টিনের চাল ও ঘরের ছাউনি, ফলে আতঙ্ক ও চরম দুর্ভোগের মধ্যে পড়েন স্থানীয় বাসিন্দারা।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে চান্নিঘাট, ফ্রেঞ্চনগর, শেওরারতল, তিনঘরি ও সিংগুয়া উল্লেখযোগ্য। ভুক্তভোগীরা জানান, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু ঘরের চাল উড়ে গিয়ে দূরের মাঠে গিয়ে পড়ে। অনেক পরিবারের কুঁড়েঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছে। বেশ কিছু স্থানে বিশাল গাছ উপড়ে ঘরের ওপর ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। এতে বহু হতদরিদ্র পরিবার গৃহহীন হয়ে পড়েছেন।

এছাড়াও ঝড়ের ফলে একাধিক জায়গায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় গোটা এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে অন্ধকারে ডুবে যায় বিস্তীর্ণ জনপদ। জরুরি পরিষেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থাও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
প্রাকৃতিক এই দুর্যোগে গবাদিপশুরও ক্ষতি হয়েছে। একাধিক পশু গুরুতরভাবে আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, যা কিছুটা স্বস্তির বিষয় হলেও আর্থিক ও মানবিক ক্ষতির পরিমাণ যথেষ্ট বেশি বলে মনে করা হচ্ছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশই দিনমজুর ও নিম্নআয়ের মানুষ হওয়ায় তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকেই খোলা আকাশের নিচে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন। স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অবিলম্বে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা দ্রুত পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের জরুরি পদক্ষেপের দাবি উঠেছে।



