বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : গোয়ালপাড়ার দুধনৈয়ে এক রোমাঞ্চকর থ্রিলারকেও হার মানানো চাঞ্চল্যকর খুনের ঘটনা সামনে এসেছে। এক ব্যক্তিকে নির্মমভাবে প্রহার করে হত্যা করে দুষ্কৃতীরা। খুনের পর রক্তাক্ত অবস্থায় দেহ ফেলে রেখে যায়। শুধু তাই নয়, মৃতদেহের পাশে আঁকা হয় একটি প্রেমের চিহ্ন, যার মাঝখানে লেখা ছিল ‘১’—ফলে ঘটনাটি আরও রহস্যঘেরা হয়ে উঠেছে।
রবিবার সকালে দুধনৈ দৈনিক বাজার এলাকায় হঠাৎ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যখন স্থানীয় বাসিন্দারা অর্ধনগ্ন অবস্থায় এক ব্যক্তির রক্তাক্ত দেহ দেখতে পান। দেহের পাশে পড়ে ছিল ইট ও লাঠি। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় ১০০ মিটার দূর থেকে দেহটি টেনে আনা হয়েছিল।
মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে—তিনি দুধনৈ শান্তিনগরের ৩৪ বছর বয়সী বাটসু রাহা। জানা গেছে, শনিবার রাতে প্রায় ৯টা ৩০ মিনিট নাগাদ আত্মীয়ের বাড়িতে খাওয়া-দাওয়া করে বেরিয়েছিলেন তিনি।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মানিক বণিক্য নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই একটি চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে, যেখানে বাটসুর দেহে রক্ত ও মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে।
ভিডিওতে মানিক বণিক্যের কণ্ঠও শোনা যায়, যেখানে তিনি “মরেছে” বলে মন্তব্য করছেন। এই ভিডিওর সূত্র ধরেই দেহ উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই তৎপরতার সঙ্গে মানিক বণিক্যকে আটক করে পুলিশ।
এদিকে, মানিকের হাত-পা ও পোশাকে রক্তের দাগ রয়েছে এবং তাঁর মুখেও আঘাতের চিহ্ন দেখা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, মানিকই এই খুনের সঙ্গে জড়িত। ঘটনাস্থলে ইতিমধ্যেই ফরেনসিক দল তদন্ত শুরু করেছে। এই খুনের আসল রহস্য কী, কেন এবং কীভাবে এই ঘটনা ঘটল, এবং কেনই বা মৃতদেহের পাশে প্রেমের চিহ্ন আঁকা হলো—এসব প্রশ্নের উত্তর মিলবে পুলিশের পূর্ণাঙ্গ তদন্তের আসবে।



