সোনাইয়ে আমিনুলের হয়ে মাঠে নামছে উলামা সংহতি মঞ্চ

Spread the news

বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : ভেদাভেদহীন সমাজ গঠনের উদ্দেশ্য ও নিরপেক্ষ দল হিসেবে সোনাইয়ে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে পূর্ণ সমর্থন জানালো উলামা সংহতি মঞ্চ সোনাই। রবিবার সোনাই ব্লক কংগ্রেসের কার্যালয়ে প্রার্থী নিয়ে এক বিশাল সভা অনুষ্ঠিত হয় মঞ্চের। মুফতি শুহরাব আলকাসিমির সভাপতিত্ব সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা গৌহাটি হাইকোর্টের প্রবীণ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। তিনি বক্তব্যে রাজ্যের ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন। ইউসিসি বাস্তবায়ন হলে কী হবে তা তুলে ধরেন। এ ছাড়া রাজ্যে সংখ্যালঘুদের বিভিন্ন ভাবে নির্যাতন চলছে তা-ও উল্লেখ করেন। এই পরিস্থিতিতে নিরপেক্ষ ও সব সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়া ছাড়া বিকল্প পথ নেই। ব্যক্তিগত রেষ, ক্ষোভ ভুলে বৃহত্তর স্বার্থে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক মওলানা আতাউর রহমান মাঝারভূইয়া। তিনি বলেন, যেদিন করিম উদ্দিন বড়ভূইয়া রমজান মাসে প্রকাশ্যে জল পান করেন সেদিনও সোনাইবাসী তাঁকে বিদায় দিয়েছেন। আর ওইদিনও রেজাল্ট এক রকম হয়ে গেছে। প্রার্থী আমিনুল হক লস্কর বক্তব্যে উলামা সংহতি মঞ্চের সিদ্ধান্তে খুশি হয়ে বলেন, ভবিষ্যতে উলামাদের নিয়ে চলবেন। উলামাবিহীন মুসলিম সমাজ চলতে পারে না।

এ ছাড়া বক্তব্য রাখেন হাইকোর্টের আইনজীবী ত্রিপুরার ড. কামাল মসদ্দর, মুফতি রসিদ আহমদ, ইকবাল মজুমদার ও আব্দুর রেহিম লস্কর। মঞ্চে ছিলেন মওলানা আফতাব উদ্দিন, মওলানা আবুল জাফর, মওলানা সিরাজ আহমদ কাসিমি প্রমুখ। উল্লেখ্য, উলামা সংহতি মঞ্চে আহলে সুন্নত ওয়াল জামাত, জমিয়ত উলামা হিন্দ, নদওয়াতুত তামির সহ অন্যান্য ধর্মীয় সংগঠনের মওলানারা রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *