সায়নী-সুস্মিতার ঝড়ে আছিমগঞ্জে জনজোয়ার, দক্ষিণ করিমগঞ্জে পরিবর্তনের ইঙ্গিত

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সমীকরণের ইঙ্গিত মিলল আছিমগঞ্জে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের জনসভায়। পাথারকান্দি বিধানসভার অন্তর্গত এই এলাকায় শুক্রবার সন্ধ্যায় নজিরবিহীন জনসমাগম দেখা যায়, যা রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।

নির্ধারিত সময় সন্ধ্যা ৭টা থেকেই সভাস্থল উপচে পড়ে মানুষের ভিড়ে। মাঠ, রাস্তা, গলি এমনকি বাড়ির ছাদেও ছিল জনতার উপস্থিতি। দূর-দূরান্ত থেকে আসা মানুষজন দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেই মনোযোগ সহকারে বক্তাদের বক্তব্য শোনেন। এই বিপুল জনসমাগমকে অনেকেই পরিবর্তনের স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন।
সভায় সভাপতিত্ব করেন করিমগঞ্জ জেলা জমিয়ত উলামার প্রাক্তন সভাপতি মাওলানা আবু মোহাম্মদ সুফিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তাদের উপস্থিতিতে সভায় আলাদা মাত্রা যোগ হয় এবং কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ করা যায়।

সায়নী ঘোষ তাঁর আবেগঘন ভাষণে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এই লড়াই শুধু কোনও রাজনৈতিক দলের নয়, এটি মানুষের অধিকার, মর্যাদা ও ভবিষ্যতের লড়াই। যুবসমাজ এগিয়ে এলে পরিবর্তন অবশ্যম্ভাবী বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে সুস্মিতা দেব শান্তি, সম্প্রীতি ও সামগ্রিক উন্নয়নের উপর জোর দিয়ে বলেন, দক্ষিণ করিমগঞ্জের মানুষ এখন উন্নয়ন, স্থিতিশীলতা ও নিরাপত্তা চায়। সেই লক্ষ্যেই কাজ করছে তাদের দল। তার বক্তব্যে জনতার প্রবল সাড়া মেলে।

তবে বিপুল জনসমাগমের কারণে আয়োজকদের পক্ষে সকলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা সম্ভব হয়নি। এ জন্য তারা দুঃখপ্রকাশ করলেও জানান, মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তাদের সবচেয়ে বড় শক্তি।

জনসভা দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক লড়াইয়ে নতুন গতি এনেছে। এখন নজর আসন্ন নির্বাচনের দিকে—ভোটাররা কাকে বেছে নেন, তৃণমূল কংগ্রেসের আজিজ আহমদ খান, কংগ্রেসের সামিম আহমদ চৌধুরী, নাকি বিজেপি-সমর্থিত অসম গণ পরিষদের ইকবাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *