মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : সীমান্তে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। বাংলাদেশে গরু পাচার ঠেকাতে গিয়ে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ভারত-বাংলা সীমন্তের কাছাড় জেলার জালালপুর এলাকায়। নিহত ব্যক্তির নাম আশিকুল ইসলাম।
জানা গেছে, গভীর রাতে একদল পাচারকারী কয়েকটি গরু সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা আশিকুল ইসলাম তাদের বাধা দেন। তখনই পাচারকারী দলটি তাঁর ওপর দা দিয়ে পরপর হামলা চালায়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
এই দৃশ্য দেখে তাঁর এক ভাই ও এক ভাতিজা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তারা দু’জনই গুরুতর জখম হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং আহতদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের পরিবারের অভিযোগ, এই হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় বাবর, মকতার আলেখ, কামাল ও সাজুলসহ আরও কয়েকজন জড়িত।
এদিকে, হামলার পর গরুগুলি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পুলিশ ইতিমধ্যে কয়েকটি গরু উদ্ধার করেছে বলে জানা গেছে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



