বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার চালাচ্ছে সংগ্রামী বামপন্থী দল এসইউসিআই (কমিউনিস্ট)। শুক্রবার রামকৃষ্ণনগর বিধানসভা চক্রের প্রার্থী সঞ্চিতা শুক্লের সমর্থনে আনিপুর বাজার ও রাতাবাড়ির কাজিরবাজারে দুটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
কাজিরবাজারের সভায় বক্তব্য রাখেন দলের প্রার্থী সঞ্চিতা শুক্ল, ডাঃ অনির্বাণ ভৌমিক এবং রাজ্য কমিটির সদস্য প্রজ্জ্বল দেব। বক্তব্যে সঞ্চিতা শুক্ল বলেন, এসইউসিআই (কমিউনিস্ট) সারা বছর জনগণের নিত্যদিনের সমস্যার সমাধানের দাবিতে আন্দোলন চালিয়ে যায় এবং সেই ধারাবাহিকতায় নির্বাচনী লড়াইয়েও অংশগ্রহণ করে।
তিনি অভিযোগ করেন, বর্তমানে একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং শিক্ষকের অভাবে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা, রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের অসন্তোষজনক পরিষেবা, অনিয়মিত রেল যোগাযোগ এবং বিশুদ্ধ পানীয় জলের অভাবসহ একাধিক সমস্যা তুলে ধরেন তিনি। এছাড়াও শিল্পের অভাবে বেকারত্ব বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের দুর্ভোগের কথাও উল্লেখ করেন।

সঞ্চিতা শুক্ল আরও অভিযোগ করেন, ধনিক শ্রেণীর স্বার্থরক্ষায় বিজেপি সরকার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে এবং অন্যায়ভাবে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করেছে। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং দলের প্রতীক ‘ব্যাটারি টর্চ’-এ ভোট দেওয়ার আবেদন করেন।
সভায় প্রজ্জ্বল দেব বলেন, বর্তমান নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। অর্থবল ও পেশিশক্তির প্রভাবেই অনেক প্রার্থী নির্বাচিত হচ্ছেন, যারা জনস্বার্থের বদলে পুঁজিপতিদের স্বার্থে কাজ করছেন। তিনি জানান, এসইউসিআই (কমিউনিস্ট)-এর নির্বাচনী লড়াই মূলত শোষণের বিরুদ্ধে গরিব ও মেহনতি মানুষের লড়াইয়ের অংশ।
এদিন পাথারকান্দি বিধানসভা চক্রের প্রার্থী বিজিত কুমার সিনহা পাথারকান্দি বাজারে পথসভা করেন এবং বিভিন্ন এলাকায় প্রচার চালান। দক্ষিণ করিমগঞ্জের প্রার্থী রূপশ্রী গোস্বামী কানিসাইলে সভা করার পাশাপাশি বাটোইয়া, নিলামবাজার ও বারইগ্রামে জনসংযোগ করেন।
অন্যদিকে, উত্তর করিমগঞ্জের প্রার্থী তথা গণআন্দোলনের নেতা অরুণাংশু ভট্টাচার্য করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়, যেমন সন্তর বাজার, স্টেশন রোড ও লঙ্গাইয়ে ব্যাপক প্রচার চালান।



