পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : শিলচরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩৭তম জাতীয় যোগাসন প্রতিযোগিতা। শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সুপরণা রায়, রাধামাধব কলেজের অধ্যক্ষা অরুন্ধতি দত্ত চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাস্কর দাস এবং চিকিৎসক শিবানন্দ রায়সহ অন্যান্য বিশিষ্টজন।
শিলচর যোগ সেন্টারের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী ভাষণে অধ্যাপক নিরঞ্জন রায় বলেন, মানসিক চাপ ও উৎকণ্ঠা কমাতে যোগব্যায়ামের বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন, যোগব্যায়ামের উৎপত্তি ভারতে—এটি দেশের জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও প্রতিযোগিতার উদ্দেশ্য ব্যাখ্যা করেন শিলচর যোগাসন সেন্টারের কর্ণধার বিপ্রাশীষ চক্রবর্তী। মধুমিতা রায়ের পরিচালনায় সমবেত নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় আয়োজক রাজ্য অসম ছাড়াও পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তামিলনাড়ু, ত্রিপুরা, হরিয়ানা এবং দিল্লি থেকে প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।



