বরাক তরঙ্গ, ২ এপ্রিল : ধলাই বিএনএমপি স্কুলের ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক বিশেষ সামাজিক সেবা শিবির অনুষ্ঠিত হয়। দুপুর প্রায় ১২টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে এই কর্মসূচি।
স্কুলের সহকারী অধ্যক্ষ তথা এনএসএস প্রোগ্রাম অফিসার খাইরুল ইসলাম লস্করের নেতৃত্বে ছাত্র-ছাত্রী স্বেচ্ছাসেবকরা হাসপাতালে ভর্তি রোগী ও আগতদের মধ্যে ফলমূল বিতরণ করেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকদ্রব্যের কুফল, বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং বিভিন্ন সামাজিক কুসংস্কার নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

এদিন হাসপাতাল চত্বরে একটি সাফাই অভিযানও পরিচালিত হয়, যেখানে এনএসএস ভলান্টিয়াররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রোগ্রাম অফিসার খাইরুল ইসলাম লস্কর জানান, এটি এনএসএস-এর বিশেষ ক্যাম্প কর্মসূচির একটি অংশ। অতীতেও তারা প্রসাদপুর গ্রামে বৃক্ষরোপণ ও বাড়ি বাড়ি গিয়ে সামাজিক সচেতনতা কর্মসূচি পরিচালনা করেছেন এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক পূর্ণ বর্মন ও অলিদা সিনহা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা, যারা স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন।

উল্লেখ্য, ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) একটি জাতীয় স্তরের সংগঠন, যার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজসেবা, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কাজে অংশগ্রহণ করে থাকে। স্থানীয় মানুষের প্রতি সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে আয়োজকরা জানান, সামাজিক কুসংস্কার দূর করে একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।



