ধলাইয়ে বিজেপি প্রার্থীর জোরদার প্রচার, নরসিংহপুর মণ্ডলে সভায় ব্যাপক সাড়া

Spread the news

বরাক তরঙ্গ, ২ এপ্রিল : ধলাই বিধানসভা কেন্দ্রে জোর প্রচার বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাশের। বৃহস্পতিবার নরসিংহপুর মণ্ডলের বিভিন্ন এলাকায় ধারাবাহিক শক্তিকেন্দ্রভিত্তিক সভার মাধ্যমে জনসংযোগ কর্মসূচিকে আরও সক্রিয় করে তোলেন তিনি। সমাচারণপুর, রাজগোবিন্দপুর, রাজঘাট, মধ্য চাঁদিঘাট, বাঘেউয়ালা এবং হরধনপুর-সহ একাধিক স্থানে অনুষ্ঠিত এই সভাগুলিতে কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়ে।

দিনের শুরুতেই সমাচারণপুরে আয়োজিত সভায় কর্মীদের উৎসাহ ও অংশগ্রহণে উজ্জীবিত হন প্রার্থী। এরপর রাজগোবিন্দপুরে অনুষ্ঠিত সভায় জনতার উদ্দীপনা দেখে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। রাজঘাটে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিয়কান্তি দাশ বলেন, প্রতিটি এলাকায় মানুষের ইতিবাচক সাড়া তাদের প্রচেষ্টাকে আরও শক্তি জোগাচ্ছে।

মধ্য চাঁদিঘাটে অনুষ্ঠিত সভায় তিনি বুথভিত্তিক সংগঠনকে আরও সুসংহত করার ওপর জোর দেন এবং জানান, পরিবর্তনের পক্ষে জনমত স্পষ্ট হয়ে উঠছে। একইভাবে বাঘেউয়ালা ও হরধনপুরে আয়োজিত সভাগুলিতেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রচারে নতুন মাত্রা যোগ করে। তিনি বলেন, মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষাই তাঁদের এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ধারাবাহিক কর্মসূচিতে নরসিংপুর মণ্ডলের বিভিন্ন পদাধিকারী, বুথ সভাপতি, যুব ও মহিলা মোর্চার কর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটারদের অংশগ্রহণ সভাগুলিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

এদিন চন্নিঘাট কল্যাণ আশ্রমে হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানেও অংশ নেন অমিয়কান্তি দাশ। সেখানে তিনি ভক্তি, শক্তি ও নিঃস্বার্থ সেবার আদর্শ অনুসরণের আহ্বান জানান এবং সকলের মঙ্গল কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *