বরাক তরঙ্গ, ২ এপ্রিল : নর্থ ইস্টার্ন কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় ফ্ল্যাগশিপ ইনকিউবেশন প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য নির্বাচিত শীর্ষ ৫০ জন উদ্যোক্তার তালিকা ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব এন্টারপ্রেনারশিপ ঘোষিত এই তালিকায় আসাম বিশ্ববিদ্যালয়ের তিনজন উদ্যোক্তা চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়ে আর্থিক সহায়তা লাভ করেছেন।
আসাম বিশ্ববিদ্যালয়ের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেন্টার থেকে নির্বাচিত তিন উদ্যোক্তা হলেন— দিব্যজ্যোতি নাথ (ইমপ্যাক্ট উইভার প্রাইভেট লিমিটেড), অরিজিৎ সাহা (এক্সপ্লোর ভ্যালি মিডিয়া প্রাইভেট লিমিটেড) ও বাপন দাস (গ্র্যাজুয়েট ফার্মার্স অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড)। উদ্ভাবনের সম্ভাবনা, ব্যবসায়িক মডেলের কার্যকারিতা, প্রকল্পের বাস্তবায়নযোগ্যতা, উত্তর-পূর্বাঞ্চলে সম্ভাব্য প্রভাব এবং উপস্থাপনার গুণমান— এই একাধিক মানদণ্ডের ভিত্তিতে তাঁদের উদ্যোগগুলি নির্বাচিত হয়েছে।
প্রসঙ্গত, আসাম বিশ্ববিদ্যালয়ের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক দেবমাল্য ঘোষ এবং সমন্বয়ক হিসেবে রয়েছেন অধ্যাপক প্রদীপ্ত দাস। এছাড়া দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন ড. অজিতা তিওয়ারি, ড. ডব্লিউ নিরঞ্জন সিংহ, ড. অভিষেক ভট্টাচার্য, ড. লুরাই রংমেই, ড. অদিতি নাথ, অধ্যাপক সুদীপ্ত রায়, ড. সৌরিশ ধর ও অধ্যাপক অমিতাভ ভট্টাচার্য। তাঁদের সম্মিলিত পরামর্শ ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সত্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানা গেছে।



