শিলচরে শুরু উইমেন্স ক্রিকেট

Spread the news

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : বরাক বার্তা আয়োজিত প্রথম ইন্টার বরাক উইমেন্স ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬ শুরু হয়েছে বুধবার। প্রথম দিনই হয়েছে তিনটি ম্যাচ। সকালে উদ্বোধনী অনুষ্ঠানের পর দিনের প্রথম ম্যাচে জয়ী হয়েছে শিলচর ডিএসএ অ্যাকাডেমির সিনিয়র দল। তারা ১০ উইকেটে হারিয়েছে  শিলচর ডিএসএ অ্যাকাডেমির জুনিয়র দলকে। প্রথম ব্যাটিংয়ে জুনিয়র দল করে ৭ উইকেটে ৩৪ রান। জবাবে সিনিয়র দল ৪.১ ওভারে উইকেট না হারিয়ে  ৩৫ রান করে। সিনিয়র দলের বৈশালী দাস অপরাজিত ১২ রান করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।

দ্বিতীয় ম্যাচে শ্রীভূমি উইমেন্স স্ম্যাশার্স ১০ উইকেটে হারায় লক্ষীপুর ডিএসএ উইমেন্স ফাইটার্সকে। প্রথম ব্যাটিংয়ে নেমে লক্ষীপুর ফাইটার্স ১০ ওভারে ৪ উইকেটে ১৪ রান সংগ্রহ করে। জবাবে শ্রীভুমি উইকেট না হারিয়ে ১৫ রান করে ম্যাচ জিতে যায়। ম্যাচের সেরা হয়েছেন সমাদৃতা সাহা। দিনের তৃতীয় ম্যাচে শিলচর উইমেন্স দল হেরে গেছে হাইলাকান্দি মহিলা দলের কাছে। প্রথম ব্যাটিংয়ে শিলচর মহিলা দল নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ৪৮ রান। পরে হাইলাকান্দি ৬.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচের সেরা হয়েছেন হাইলাকান্দির রেশমি সিনহা।  আয়োজক সূত্রে জানাগেছে দ্বিতীয় রাউন্ডে খেলা হবে আগামী ১০ এপ্রিল। ফাইনাল ১১ এপ্রিল।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, প্রাক্তন সভাপতি বাবুল হোড়, মর্নিং ক্লাবের সভাপতি রাজকুমার পাল, বিকাশ দাশগুপ্ত, আয়োজক বরাক বার্তার কর্ণধার সঞ্জীব কুমার সিং, সাধন পুরকায়স্থ, সুজন দত্ত, দেবাশিস সোম, উত্তম সাহা, দ্বিজেন্দ্রলাল দাস, রাধারানী নাথ, সুধাংশু দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *