বরাক তরঙ্গ, ১ এপ্রিল : উজনি অসমে বিরোধী রাজনৈতিক দলগুলির ঐক্যের ফলে নির্বাচনী পরিবেশ ক্রমেই উত্তপ্ত ও আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে নবগঠিত ৮৯ নম্বর খোৱাং বিধানসভা কেন্দ্রটি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত আসন হিসেবে বিবেচিত হচ্ছে। এই কেন্দ্রে বিরোধী ঐক্যের যৌথ প্রার্থী হিসেবে অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ প্রতিদ্বন্দ্বিতা করায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।
বুধবার খোয়াং কেন্দ্রে বরবরুয়া পূজা মাঠে লুরিণজ্যোতি গগৈয়ের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেন প্রিয়ঙ্কা গান্ধী। তাঁর উপস্থিতিতে এক মঞ্চে দেখা যায় তিন গগৈকে—অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, রাইজর দল সভাপতি অখিল গগৈ এবং প্রার্থী লুরিনজ্যোতি গগৈ।
সভায় ভাষণ দিতে গিয়ে লুরিনজ্যোতি গগৈ বিগত পাঁচ বছরে বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, মূল্যবৃদ্ধি বেড়েছে এবং জনজাতিদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা নিজের সম্পত্তি বৃদ্ধি করতেই ব্যস্ত, সাধারণ মানুষের সমস্যার প্রতি নজর দেননি।

তিনি আরও দাবি করেন, অরুণোদয় প্রকল্পের ভয় দেখিয়ে মানুষকে সভায় আনা হচ্ছে এবং জনগণকে এই ভয় ও অনিশ্চয়তা থেকে মুক্ত করতে বিকল্প সরকার গঠনের প্রয়োজন।
এই প্রচার সভায় উপস্থিত ছিলেন ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, প্রাক্তন সাংসদ বন্ধু তির্কি এবং কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পবন সিং ঘটোয়ারসহ একাধিক শীর্ষ নেতা। সভায় বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়।
এর আগে, টিংখাং বিধানসভা কেন্দ্রের রাজগড় চা বাগান মাঠে কংগ্রেস প্রার্থী বিপুল গগৈয়ের সমর্থনে প্রচার চালান প্রিয়ঙ্কা গান্ধী। সেই সভায়ও বিরোধী নেতারা বর্তমান সরকারকে তীব্র আক্রমণ করেন এবং একাধিক প্রতিশ্রুতি দেন।
ভাষণে প্রিয়ঙ্কা গান্ধী অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে মুখ্যমন্ত্রীর পরিবার রাজ্যে লুণ্ঠন চালিয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে ১০০ দিনের মধ্যে গায়ক জুবিন গর্গের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি দাবি করেন, অরুণোদয় প্রকল্পের মাধ্যমে মহিলাদের ভৃত্যের মতো ব্যবহার করা হচ্ছে।



