ধলাই আসন পুনরুদ্ধারে মরিয়া কংগ্রেস, দুই ব্লকে একদিনে আটটি জনসভা

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই আসন পুনরুদ্ধারের লক্ষ্যে জোরদার প্রচার শুরু করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। বুধবার ধলাই-নরসিংহপুর ও পালংঘাট উন্নয়ন খণ্ড জুড়ে একদিনে মোট আটটি জনসভা করে দল, যা এলাকায় রাজনৈতিক তৎপরতাকে নতুন মাত্রা দিয়েছে। মণিয়ারখাল, ধলাখাল, জোড়খাল, বারোডালো, উজানগ্রাম, বিদ্যারতনপুর ও রুকনি সহ বিভিন্ন গ্রামাঞ্চলে অনুষ্ঠিত এই জনসভাগুলিতে সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিটি সভাতেই স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কংগ্রেসের পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করছে দলীয় নেতৃত্ব।

সভাগুলিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংহপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজেন পালিত জেলা কংগ্রেস সম্পাদক জালাল আহমদ মজুমদার, ওম প্রকাশ সিং, প্রদীপ গোয়ালা এবং ধলাই আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, অনুপ রায়, সঞ্চিতা আচার্য। এছাড়া জেলা, ব্লক, মণ্ডল ও বুথ পর্যায়ের বহু নেতাকর্মী সভাগুলিতে উপস্থিত থেকে সক্রিয় ভূমিকা পালন করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বলেন, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ চরম আর্থিক চাপে পড়েছেন। পাশাপাশি ধলাই অঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, স্বাস্থ্য পরিষেবার সীমাবদ্ধতা এবং শিক্ষাক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবের বিষয়টিও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।

ধ্রুবজ্যোতি পুরকায়স্থ তাঁর বক্তব্যে বলেন, “ধলাইয়ের উন্নয়ন শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ রাখা হবে না, বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন আনা হবে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তার সমাধান করা হবে।” তিনি আরও বলেন, সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতাই তাদের সবচেয়ে বড় শক্তি। জালাল আহমদ মজুমদার তাঁর বক্তব্যে অভিযোগ করেন, বর্তমান শাসনব্যবস্থায় সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতা স্পষ্ট। তিনি বলেন, “পরিবর্তনের মাধ্যমে উন্নয়নের নতুন পথ উন্মোচিত করা সম্ভব, আর সেই পরিবর্তনের দায়িত্ব নিতে হবে সাধারণ মানুষকেই।”

রাজেন পালিতও তাঁর বক্তব্যে বলেন, ধলাইয়ের মানুষ উন্নয়নের প্রত্যাশায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। তিনি সকলকে সচেতনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান এবং বলেন, সঠিক সিদ্ধান্তই এলাকার ভবিষ্যৎ নির্ধারণ করবে। দলের দাবি, এই ধারাবাহিক জনসভাগুলিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে পরিবর্তনের পক্ষে জনমত গড়ে উঠছে। আগামী নির্বাচনে ধলাই আসন পুনরুদ্ধারে তারা আশাবাদী এবং সেই লক্ষ্যে শেষ মুহূর্ত পর্যন্ত প্রচার চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *