বরাক তরঙ্গ, ১ এপ্রিল : মণিপুরের তেংনৌপাল জেলায় বৃহৎ সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। জেলার তেংনৌপাল থানার অন্তর্গত সাইভোম রিজ এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
সূত্রে জানা যায়, মঙ্গলবার পরিচালিত এই অভিযানে ৪টি ৯ এমএম পিস্তল, ৪টি পিস্তলের ম্যাগাজিন এবং মোট ১২টি আইইডি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সমস্ত আইইডি ঘটনাস্থলেই নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়াও অভিযানে একাধিক সামরিক সরঞ্জাম উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে একটি কমব্যাট শার্ট, দু’টি কমব্যাট প্যান্ট, দু’টি কমব্যাট জ্যাকেট, একটি কমব্যাট ক্যাপ এবং একটি কমব্যাট ব্যাগ।
এ ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।



