বরাক তরঙ্গ, ৩১ মার্চ : ধলাইয়ে জোরদার নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অমিয়কান্তি দাশ। মঙ্গলবার নরসিংহপুর মণ্ডলের ধলাই পিডব্লিউডি গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘পৃষ্ঠা প্রমুখ সম্মেলন’-এ তিনি দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্ল বৈদ্যসহ দলের একাধিক শীর্ষ নেতা।
সম্মেলনে নেতৃবৃন্দ বিজেপির সংকল্পপত্রের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সংকল্পপত্রে কর্মসংস্থান বৃদ্ধি, মহিলাদের আর্থিক সহায়তা, শিক্ষার প্রসার, ভূমির অধিকার, কৃষি এবং চা শ্রমিকদের কল্যাণসহ নানা জনমুখী প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়। বক্তারা জানান, এই সংকল্পের মাধ্যমে ‘সুরক্ষিত অসম, বিকশিত অসম’ গড়ে তোলার লক্ষ্যে দল প্রতিশ্রুতিবদ্ধ।
বক্তব্য রাখতে গিয়ে অমিয় কান্তি দাশ বলেন, “এই সংকল্প শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের একটি সুস্পষ্ট রূপরেখা।” তিনি কর্মীদের ঘরে ঘরে পৌঁছে এই বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান, যাতে মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়।
সভা শেষে তিনি রাজনগরে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেন। সেখানে তাদের সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। ধারাবাহিক জনসংযোগের মাধ্যমে ধলাই কেন্দ্রে নিজের অবস্থান আরও মজবুত করছেন দাশ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।



