মনোনয়ন প্রত্যাহারের পেছনে কোনও আর্থিক লেনদেন নেই : মিঠুন

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ মার্চ : মনোনয়ন প্রত্যাহারের পেছনে কোনও আর্থিক লেনদেন নেই বলে স্পষ্ট করলেন ভিএইচপি নেতা মিঠুন নাথ। মঙ্গলবার দুপুর ১২টায় রংপুরের একটি বিবাহ বাসরে সাংবাদিক সম্মেলনে তাঁর ওপর উঠা আর্থিক লেনদেনের অভিযোগ খণ্ডন করেন মিঠুনবাবু। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনী মনোনয়ন প্রত্যাহারের পিছনে কোনো আর্থিক লেনদেন নেই, এটি মিথ্যা অপবাদ। মিঠুন নাথ জানান, মনোনয়ন দাখিলের পর ২৪ মার্চ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিলচরের কার্যালয়ে গৌরাঙ্গ রায়, শান্তনু নায়েক ও পূর্ণচন্দ্র মণ্ডল তাঁকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেন। সেই নির্দেশমতো তিনি ২৬ মার্চ মনোনয়ন প্রত্যাহার করেন।

তিনি বলেন, “আমি গত ২৭ বছর ধরে আরএসএসের সঙ্গে যুক্ত। এটাই আমার মাতৃসম্প্রদায়। সংঘের উচ্চপদস্থ নেতাদের আদেশ আমাকে বাধ্য করেছে।” কাছাড় জেলার বিজেপি সংগঠনের প্রতি কটাক্ষ করে তিনি বলেন, “জেলা বিজেপির কার্যালয়ে অসমের ইতিহাসে প্রথমবারের মতো বিজেপি দলের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ছবি নেই। এটাই তাদের আদর্শহীনতার প্রমাণ।” তিনি ঘোষণা করেন, রাজনীতি থেকে আজীবন নির্বাসন গ্রহণ করছেন, কিন্তু আরএসএস ও বজরং দলের সক্রিয় সৈনিক হিসেবে কাজ করে যাবেন। উধারবন্দবাসীদের কাছে ক্ষমা প্রার্থনা জানিয়ে তিনি বলেন, “আমার সিদ্ধান্তের জন্য সকলের কাছে ক্ষমা চাই।” সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ ঘোষ, যতন রায়, অপুচন্দ্র দে, বিশ্বজিৎ ভট্টাচার্য সহ বজরং দলের অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *