শিলচরে ভিক্ষাজীবীর ভেকে মাদক বিক্রি, ধৃত মহিলা

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : আপাতদৃষ্টিতে ভিক্ষাজীবী এক মহিলা। সঙ্গে শিশুসন্তান নিয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করলেও এই মহিলার আসল কারবার মাদক বিক্রি। সোমবার শিলচর পুলিশ শহরের ফাটক বাজার কালীবাড়ি রোডে মাদক বিক্রির সময় হাতেনাতে পাকড়াও করে আসিয়া বেগম লস্কর (৩০) নামের এই মহিলাকে। আসিয়া মধুরবন্দ এলাকার বাসিন্দা। সোমবার দুপুর আড়াইটা নাগাদ কালীবাড়ি রোডে মাদক বিক্রির সময় পুলিশ তাকে পাকড়াও করে। তার কাছে পাওয়া গেছে ৪০টি এম্পুলে ভরা ১৮ গ্রাম হেরোইন ও নগদ ১৪০০ টাকা।

পুলিশের এক সূত্র জানান, ভিক্ষাজীবীর ভেক ধরে শহরের বিভিন্ন স্থানে এক মহিলার মাদক বিক্রির কথা বিভিন্ন সূত্রে কিছুদিন ধরে তাদের কানে এলেও মহিলাকে সনাক্ত করা সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত সোমবার দুপুরে তাকে জালে পোরা সম্ভব হয়। পুলিশের সূত্রটি জানান, তাকে যাতে সহজে সনাক্ত করা সম্ভব না হয় এর জন্য আসিয়া ভিক্ষাজীবী ভেক ধরেছিল। পেছনে বড় মাপের কোনও মাদকের কারবারি রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সে কোথা থেকে মাদক নিয়ে আসতো এনিয়ে তথ্য বের করতে বর্তমানে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *