বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ৩০ মার্চ : মরিগাঁও জেলার লাহরিঘাট বিধানসভা কেন্দ্র দখল নিতে রাজনৈতিক দলগুলো ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু করেছে। কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত লাহরিঘাটে বিধানসভা কেন্দ্রে কংগ্রেসে দলের প্রার্থী লাভ করেন বিধায়ক আসিফ মহম্মদ নাজার, এআইইউডিএফ দলের সিদ্দিক আহমেদ, এজেপির খলিলুর রহমান, রাষ্ট্রীয় উলামা কাউন্সিলর ওমর ফারুক ও নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হারেশা খানম। এদিকে, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পরেই কংগ্রেস দলের প্রার্থীত্ব নিয়ে কংগ্রেস দলের মধ্যে অন্তকন্দল আরম্ভ হয়েছে। কংগ্রেস দলের টিকিট বঞ্চিত ডাঃ ফরিদুল হুসেইনে লাহরিঘাট কেন্দ্রে কংগ্রেসে দলে পরিবার কেন্দ্রীক রাজনীতির অভিযোগ করেন। যার ফলে কংগ্রেস টিকিট বঞ্চিত ডাঃ ফরিদুল হোসেইন রবিবার রাতে সহস্রাধিক সমর্থককে সঙ্গে নিয়ে কংগ্রেস দল ত্যাগ করেন। তাঁকে সমর্থন করে লাহরিঘাট অঞ্চলের প্রবীণ কংগ্রেস নেতা, কুশতুলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও মরিগাঁও জেলা কংগ্রেসের উপ-সভাপতি আজিজুর রহমান ওরফে বিল্লাহ, লাহরিঘাট ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আতাবুর রহমান, মরিগাঁও জেলা সেবা দলের সাধারণ সম্পাদক ইক্রামুল হোসেইন-সহ সহস্রাধিক লোক একসঙ্গে কংগ্রেস দল ত্যাগ করেন।
উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে লাহরিঘাট কেন্দ্রে থেকে কংগ্রেস দলের প্রার্থীত্ব প্রত্যাশী ছিলেন ডাঃ ফরিদুল হোসেন। ডাঃ ফরিদুল হুসেইনে পরিবার কেন্দ্রীক রাজনীতির বিরুদ্ধে একটি পরিবর্তনের ঢেউ তুলেছিলেন। লাহরিঘাট কেন্দ্রের পরিবার কেন্দ্রীক রাজনীতির পরিবর্তন আনতে কংগ্রেস দলের একটি অংশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ফরিদুলকে চেয়েছিলেন, তবে প্রদেশ কংগ্রেস ডাঃ হুসেইনকে টিকিট থেকে বঞ্চিত করে বিধায়ক ডাঃ আসিফ নাজারকে পুনরায় দলীয় টিকিট প্রদান করে। বর্তমানে কেন্দ্রেটিতে বিধায়ক আসিফ নাজারকে টিকিট প্রদান করায় কংগ্রেস মহলে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ। লাহরিঘাটে ৪৭ বছর ধরে পরিবারকেন্দ্রিক রাজনীতির ফলস্বরূপ কোনো ধরনের বিশেষ উন্নয়ন না হওয়ায় অভিযোগ তুলে এবার নতুন প্রার্থীর দাবি করেছিলেন। সংখ্যাগরিষ্ঠ জনমত থাকা সত্ত্বেও ডাঃ ফরিদুল হোসেইনকে প্রার্থীত্ব প্রদান না করায় কেন্দ্রটির বহু প্রবীণ নেতা-কর্মী ইতিমধ্যে কংগ্রেস ত্যাগ করে এআইইউডিএফে যোগদান করেছেন। কংগ্রেস থেকে পদত্যাগ করে ডাঃ ফরিদুল হুসেইন লাহরিঘাটকে পরিবারকেন্দ্রিক রাজনীতি থেকে উদ্ধার করার স্বার্থে এআইইউডিএফ-এর দলের প্রার্থী সিদ্দিক আহমেদকে সমর্থন জানান। পাশাপাশি তাঁর সমর্থকদেরও ৪৭ বছরের পরিবারকেন্দ্রিক রাজনীতির অবসানের স্বার্থে সিদ্দিক আহমেদকে সমর্থন দিতে আহ্বান জানান। এছাড়াও , খুব অল্প সময়ের মধ্যেই তাঁর হাজার হাজার অনুগামী ও কংগ্রেস কর্মী কংগ্রেস ত্যাগ করে এআইইউডিএফ-এ যোগদান করবেন বলে জানান। নির্বাচনের আগে বিপুল সংখ্যক সমর্থককে সঙ্গে নিয়ে ফরিদুল হুসেইনের পদত্যাগ কংগ্রেস মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একাংশ তৃণমূল কংগ্রেস কর্মী প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ ও সাংসদ রকিবুল হুসেইনের ভুল সিদ্ধান্তের কারণেই আজ লাহরিঘাটে কংগ্রেসে ধসের সৃষ্টি হয়েছে বলে প্রকাশ করেন। ডাঃ ফরিদুল হোসেন কংগ্রেস ত্যাগ করার পর লাহরিঘাটে আগে থেকেই শক্তভিত্তি থাকা এআইইউডিএফ-এর প্রার্থী সিদ্দিক আহমেদের কপাল ফুটতে পারে ভোটার মহলে গুঞ্জন চলছে। গত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন এআইইউডিএফের প্রার্থী সিদ্দিক আহমেদ।



