ডবকায় জমিয়ত-নদওয়ার বিশাল জনসভায় আজমলের বিরুদ্ধে সুর, অজাপ প্রার্থীকে সমর্থন

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ মার্চ : বিন্নাকান্দি বিধানসভা এলাকায় নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতির মধ্যেই ডবকায় অনুষ্ঠিত এক বৃহৎ জনসভায় অসম রাজ্যিক জমিয়ত উলামা এবং উত্তর-পূর্ব ভারতের নদওয়াতুত তামীর নামের দুটি ইসলামিক সংগঠন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে সরব হয়ে অজাপ (AJP) প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে।

ডবকার এজেচি মেমোরিয়াল হলে আয়োজিত এই সভায় হাজার হাজার আলিম-উলামা, ইমাম ও সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক আতাউর রহমান মাঝারভূইয়া, সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী এবং অসম রাজ্য জমিয়তের অতিরিক্ত সাধারণ সম্পাদক মওলানা কলিম উদ্দিনসহ দুই সংগঠনের কেন্দ্রীয় ও জেলা স্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, এআইইউডিএফ সংখ্যালঘু স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে এবং বদরুদ্দিন আজমলের রাজনৈতিক অবস্থান বিজেপির আদর্শের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাদের মতে, সংখ্যালঘু ভোট বিভক্ত হলে বিজেপি লাভবান হয় এবং এই পরিস্থিতির জন্য আজমলই দায়ী।

সভায় আরও বলা হয়, এআইইউডিএফ শুরুতে ১৪টি সংখ্যালঘু সংগঠনের সমর্থনে গঠিত হলেও পরবর্তীতে বহু সংগঠন সমর্থন প্রত্যাহার করে নেয়। প্রয়াত আল্লামাহ তৈয়বুর রহমানও একসময় তার সমর্থন তুলে নিয়েছিলেন বলে উল্লেখ করা হয়।

দুই সংগঠনের পক্ষ থেকে বিন্নাকান্দি কেন্দ্রে অজাপ প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কংগ্রেস প্রার্থী গৌরব গগৈয়ের “হাত মজবুত” করার কথাও বক্তারা তুলে ধরেন।

অন্যদিকে, ধর্মীয় সংগঠনের সরাসরি রাজনৈতিক অবস্থানকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আজমলপন্থী জমিয়তের একাংশ নীলবাগানে পৃথক সংবাদ সম্মেলন করে জমিয়ত নেতা মওলানা মুস্তাক আনফরের বিরুদ্ধে কটাক্ষ করেন। তাঁদের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থে সংগঠনকে ব্যবহার করা হচ্ছে এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সীমারেখা লঙ্ঘন করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে বিন্নাকান্দি বিধানসভা এলাকায় নির্বাচনী সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের মতে, এর প্রভাব আগামী দিনে স্পষ্টভাবে সামনে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *