রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৯ মার্চ : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে দক্ষিণ ধলাইয়ের ৪৮ জন হজযাত্রীকে সংবর্ধনা জানানো হলো ভাগাবাজার জামা মসজিদে। রবিবার সকাল ১০টায় মসজিদের দোতালায় এক আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করে ভাগাবাজার জামা মসজিদ পরিচালন কমিটি ও ইসলামিক উৎসব উদযাপন মঞ্চ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালন সমিতির সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী। সভায় উপস্থিত বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বরা হজের তাৎপর্য, নিয়ম-কানুন ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। বক্তব্য রাখেন হজ প্রশিক্ষক মওলানা হোসেন আহমদ মজুমদার, আলিমুদ্দিন আহমেদ, রিয়াজ উদ্দিন লস্কর, মহিব হোসেন বড়ভূইয়া এবং মাওলানা আফজল হোসেন লস্কর, সাব্বির আহমেদ চৌধুরী।
বক্তারা বলেন, হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যা সাম্য, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত। সঠিকভাবে হজ পালনের জন্য ধর্মীয় বিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি বলেও তাঁরা উল্লেখ করেন।

এদিন সংবর্ধিত হজযাত্রীদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। জানা যায়, আগামী ১৬ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে এই ৪৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা হবেন।
অনুষ্ঠানের শেষে বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বর্তমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং সমগ্র বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
সামগ্রিকভাবে, ধর্মীয় আবহে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠান হজযাত্রীদের মাঝে উৎসাহ ও প্রেরণা জোগানোর পাশাপাশি বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দেয়।



