সোনাইয়ে বিজয় সংকল্প সমাবেশে করিম উদ্দিন বড়ভূইয়ার পক্ষে কৌশিক রায়ের প্রচার জোরদার

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ মার্চ : সোনাই বিধানসভা কেন্দ্রে এনডিএ মিত্র জোটের প্রার্থী করিম উদ্দিন বড়ভূইয়াকে জয়ী করার আহ্বান জানালেন লক্ষীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। শনিবার বিকেলে দিদারখুশ জিপির ধনিপুর ট্রেনিং বাজারে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সোনাইয়ের সার্বিক উন্নয়নের স্বার্থে মিত্রজোটের প্রার্থীকে পুনরায় বিধায়ক হিসেবে নির্বাচিত করা প্রয়োজন।

বিজেপির রামনগর মণ্ডল সভাপতি লাইয়া সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে মন্ত্রী কৌশিক রায় জানান, বরাক উপত্যকার ১৩টি আসনের মধ্যে ১০টিতে বিজেপি প্রার্থী দিয়েছে এবং বাকি তিনটি আসনে এনডিএ মিত্রজোটের শরিক দল অসম গণ পরিষদ প্রার্থী দিয়েছে। সোনাই কেন্দ্রে মিত্রজোটের প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া।

তিনি আরও বলেন, করিম উদ্দিন বড়ভূইয়া আগে এআইইউডিএফ থেকে নির্বাচিত হলেও পরে দল ত্যাগ করে অসম গণ পরিষদে যোগ দেন। তাঁর উদ্যোগে সোনাই এলাকার মহিলারা মহিলা উদ্যোগিতার জন্য ১০ হাজার টাকার চেক পেয়েছেন। আগামী দিনে তাঁকে পুনরায় জয়ী করা হলে সোনাইয়ের প্রতিটি ঘরে ‘অরুণোদয়’ প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

সমাবেশে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে তীব্র আক্রমণ করে কৌশিক রায় তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিজেপি তাঁকে বিধায়ক থেকে শুরু করে অসম বিধানসভার উপাধ্যক্ষ এবং সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, অথচ বর্তমানে তিনি বিজেপির বিরুদ্ধে মন্তব্য করছেন। সোনাইয়ের জনগণকে তাঁকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান মন্ত্রী।
এদিনের সমাবেশে বক্তব্য রাখেন সোনাই এলএসি ইনচার্জ ভজন সেন, প্রবীণ বিজেপি নেতা মলয় দাশ, প্রাক্তন প্রিন্সিপাল মহিবুর রহমানসহ একাধিক নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন শঙ্কর দাশ, অনুপ দাশ, আবনেছা বেগম, রঞ্জন দাশ প্রমুখ।

প্রতিকূল আবহাওয়াকেও উপেক্ষা করে এদিন কৌশিক রায় কাপ্তানপুর, সোনাই শহরের তোলারগ্রাম দ্বিতীয় খণ্ডের মণিপুরি অডিটোরিয়ামে এক বিশাল জনসভায় অংশ নেন। পাশাপাশি বিকেলে বেরাবাক, দক্ষিণ সৈদপুর ও সোনাই পূর্বাঞ্চলেও পৃথক সভায় বক্তব্য রাখেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *