বরাক তরঙ্গ, ২৮ মার্চ : যোরহাট জেলার রাজামৈদাম নিউ কলোনির একটি ভাড়া বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্য়া বেড়ে দুই হল। চিকিৎসাধীন অবস্থায় আট বছরের ইকবাল নামে এক শিশুর মৃত্যু হয়। সাত বছরের এক শিশুকন্যা গুরুতরভাবে আহত হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার বিকেলে এই বিস্ফোরণে ঘটনাস্থলে মৃত্যু হয় নূর মোহাম্মদ নামে এক ব্যক্তির। আহত ও নিহত দুই শিশু নূর মোহাম্মদেরই। সাত বছরের কন্যাশিশুটি যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ভীতি ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং বিস্ফোরণের পেছনের কারণ উদ্ঘাটনে তৎপর রয়েছে।



